Published : 05 Apr 2026, 01:59 PM
শিশুদের টিকা নিশ্চিত করতে পারলেই দেশ নিরাপদ হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।
তিনি বলেছেন, “আপনারা আমাদের সহযোগিতা করুন, সচেতন করুন যেন সবাই টিকা নেয়। যত বেশি শিশু এই টিকার আওতায় আসবে আমরা তত বেশি নিরাপদ থাকব।”
রোববার সকালে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “হাম প্রতিরোধে দ্রুততার সঙ্গে টিকার সরবরাহ নিয়ে আন্তরিকতার সঙ্গে সরকার কাজ করছে, যেখানে ঘাটতি রয়েছে সেখানে দায়িত্ব নিয়ে সেই ঘাটতি পূরণ করা হচ্ছে। আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছি, কাজ চলছে। জনগণের সম্পৃক্ততার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ টিকার কোনো রকম ঘাটতি হবে না। টিকাদান কর্মসূচিতে বিশ্বের কয়েকটি স্বাস্থ্য সংস্থা সহযোগিতা করছে।”
এ সময় গাজীপুর -২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভুইয়া, সিভিল সার্জন, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ সংস্থা ও ইউনিসেফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
হাম ও রুবেলা প্রতিরোধে গাজীপুরসহ ১৮টি জেলার ৩০টি উপজেলায় একযোগে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।
জেলা সিভিল সার্জন সূত্রে জানা গেছে, আগামী ১৫ দিন জেলার সদর, টঙ্গী, কোনাবাড়ি, কাশিমপুর, কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া, কালিগঞ্জ ও পুবাইলের বিভিন্ন এলাকায় টিকাদান কর্মসূচি চলবে। বিভিন্ন টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ২৮ হাজার টিকা প্রদান করা হবে।