Published : 24 Aug 2026, 07:03 PM
সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদী থেকে অর্ধগলিত অবস্থায় এক তরুণীর মৃত উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার টানাখালী এলাকার নদী থেকে লাশটি উদ্ধারের পর সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানিয়েছেন দিরাই থানার ওসি আমিনুল ইসলাম।
নিহত ৩০ বছর বয়সি লাকি বেগম উপজেলার জগদল গ্রামের প্রয়াত আব্দুস শহিদের মেয়ে। তিনি পার্শ্ববর্তী উপজেলা শান্তিগঞ্জের সলফ গ্রামে কামাল আহমেদের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।
ওসি আমিনুল ইসলাম বলেন, সকালে নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ওই তরুণী গৃহকর্মী হিসেবে কাজ করতেন। শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিখোঁজের পর গৃহকর্মীর পরিবার শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিল। তিন দিনের মাথায় তার মৃতদেহ পাওয়া গেছে। এ ঘটনায় প্রচলিত আইনে ব্যবস্থা নেবে পুলিশ।
তিনি বলেন, উদ্ধারের সময় তার হাতে ব্যান্ডেজ ছিল এবং হাতেও রক্তের দাগ দেখা গেছে। তাকে খুন করে লাশ নদীতে ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।