০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮০ টিয়া অবমুক্ত, ২ জনের দণ্ড

পাখিগুলো উপজেলা পরিষদ চত্বরে অবমুক্ত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2025, 02:48 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

চাঁপাইনবাবগঞ্জে ৮০টি টিয়া পাখি উদ্ধার এবং দুই পাখি শিকারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী জানান, উপজেলার কানসাট ইউনিয়নের করিম বাজার এলাকায় উপজেলা ভূমি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ বুধবার দিনভর এ অভিযান পরিচালনা করেন।

এতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং রাজশাহী ও শিবগঞ্জ থানার পুলিশ সহায়তা করেন।  

সাজাপ্রাপ্তরা হলেন- যশোর জেলার শওকত আলী এবং বাগেরহাট জেলার কামরুল শেখ।

ইউএনও বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে সময় দুই ব্যক্তির কাছ থেকে ৮০টি টিয়া পাখি উদ্ধার করা হয়। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-এর ৬ (১) ধারা লঙ্ঘনের অপরাধে শওকত আলীকে ২০ দিন এবং কামরুল শেখকে ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

পরে উদ্ধার করা পাখিগুলো উপজেলা পরিষদ চত্বরে অবমুক্ত করা হয় বলেও জানান তিনি।