০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

পুলিশ সদস্য ছেলের সঙ্গে ফেরার পথে বৃদ্ধ নিখোঁজ, ২ দিন পর নদীতে মিলল লাশ

কিশোরগঞ্জ থেকে বাবা-ছেলে ময়মনসিংহের তারাকান্দায় গ্রামের বাড়িতে ফিরছিলেন বলে জানান স্বজনরা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2026, 09:23 PM

Updated : 19 Sep 2026, 02:28 PM

ময়মনসিংহ নগরে ব্রহ্মপুত্র নদ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে; যিনি দুই দিন আগে পুলিশ সদস্য ছেলেন সঙ্গে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন বলে জানান স্বজনরা।

শনিবার বিকাল ৪টার দিকে নগরের গোদারাঘাট পাওয়ার স্টেশন সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে জানান ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল।

নিহত নূর নবী পাটোয়ারী (৭০) তারাকান্দা উপজেলার কুণ্ডল বালিয়া গ্রামের বাসিন্দা। তার ছেলে মো. মকবুল হোসেন পুলিশের কিশোরগঞ্জ ডিএসবিতে কর্মরত।

পুলিশ ও স্বজনরা জানান, বৃহস্পতিবার মকবুল হোসেন ও তার বাবা কিশোরগঞ্জ থেকে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে রওনা দেন। পথে ময়মনসিংহের পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় বাস থেকে নামেন তারা। পরে বাবাকে দাঁড় করিয়ে রেখে অটোরিকশার খুঁজতে যান মকবুল। কিন্তু ফিরে এসে দেখেন বাবা নেই।

বৃদ্ধ নুর নবী ভারসাম্যহীন থাকায় নিজের নাম-ঠিকানা বলতে পারতেন না বলে দাবি স্বজনদের। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে মকবুল হোসেন কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। দুই দিন পর ব্রহ্মপুত্র নদে লাশ পাওয়ার খবর পেয়ে নুর নবীকে শনাক্ত করেন স্বজনরা।

নূর নবীর অপর ছেলে রাকিবুল ইসলাম ময়মনসিংহ নগরের বাইপাস এলাকার একটি মসজিদে ইমামের দায়িত্ব পালন করেন। তিনি বলেন, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ও গুরুতর অসুস্থ ছিলেন। মৃত্যুর পেছনে কারও কোনো হাত বা সন্দেহ নেই। তারা কোনো মামলা-মোকদ্দমা করতে চান না। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য থানায় আবেদন করেছেন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল।