Published : 03 Feb 2023, 03:51 PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেইসবুকে কটাক্ষ করার মামলায় গ্রেপ্তার রাজবাড়ীর মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতি জামিনে মুক্তি পেয়েছেন।
রাজবাড়ী জেলা কারাগারের জেলার হুমায়ুন কবীর জানান, সোনিয়া আক্তার স্মৃতির জামিনের নথিপত্র কারাগারে এসে পৌঁছালে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজি আহসান হাবিব জানান, স্মৃতির মুক্তির খবরে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা কারাগারের বাইরে জড়ো হয়ে তাকে শুভেচ্ছা জানান।
বিএনপির সহযোগী সংগঠনটির রাজবাড়ী জেলা কমিটির সদস্য স্মৃতিকে গত ৫ অক্টোবর তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা এবং রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকার প্রবাসী মো. খোকনের স্ত্রী।
ফেইসবুকে স্মৃতির করা এক মন্তব্যের পর তার বিরুদ্ধে গত ৪ অক্টোবর রাজবাড়ী সদর থানায় মামলা করেন জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব এবং মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফিন চৌধুরী।
গত ৩১ অগাস্ট স্মৃতি ফেইসবুকে যে পোস্ট দিয়েছিলেন, তাতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়। এরপর রাজবাড়ী শহরের সজ্জনকান্দার বেড়াডাঙ্গা ৩ নম্বর সড়কের ভাড়া বাসা থেকে স্মৃতিকে গ্রেপ্তার করা হয়।
এ মহিলা দল নেত্রীর আইনজীবী নেকবার মনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, স্মৃতিকে গ্রেপ্তার করার পর নিম্ন আদালতে জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর হয়। পরে উচ্চ আদালতে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে ৩১ অক্টোবর তাকে ছয় মাসের জন্য জামিন দেয় আদালত।
কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনে জামিনের আদেশ স্থগিত হয়ে যায়। পরে ১৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার জামিন বহালের আদেশ দেন।
এছাড়া আরেকটি মামলায় আদালত স্মৃতিকে জামিন দিয়েছে বলে জানান মনি।
পুরানো খবর:
রাজবাড়ীর মহিলা দল নেত্রী স্মৃতির জামিন আটকে গেলপুরানো খবর:
রাজবাড়ীর মহিলা দল নেত্রী স্মৃতির জামিন