১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় বাস চাপায় ৭ দিনমজুর নিহত: ২০ দিন পর চালক গ্রেপ্তার

শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে ফুটপাতে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের চাপা দেয়।

বগুড়ায় বাস চাপায় ৭ দিনমজুর নিহত: ২০ দিন পর চালক গ্রেপ্তার
বাস চালক নেছারুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2026, 05:09 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

বগুড়ার এরুলিয়া মহাসড়কে শাহ ফতেহ আলী পরিবহনের বাসের চাপায় সাতজন দিনমজুর নিহতের ঘটনার প্রধান আসামি বাস চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। 

ঘটনার ২০ দিন পর বৃহস্পতিবার ভোর রাতে শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ।

গ্রেপ্তার নেছারুল ইসলাম (৪৫) সোনাতলা উপজেলার আগুনিয়া তাইড় গ্রামের প্রয়াত আয়েজ উদ্দিনের ছেলে।

সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ৭ অগাস্ট সকাল ৬টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া বাজার এলাকায় এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শাহ ফতেহ আলী পরিবহনের একটি এসি বাস ফুটপাতে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর উঠে যায়।

এতে ঘটনাস্থল ও হাসপাতালে নেওয়ার পর মোট সাতজন মারা যান। আহত হন আরও অন্তত ১২ জন। ঘটনার পরপরই চালক বাস রেখে পালিয়ে যান।

এ ঘটনায় ৮ অগাস্ট চালককে অজ্ঞাত পরিচয় আসামি করে সড়ক পরিবহন আইনে বগুড়া সদর থানায় একটি মামলা করে পুলিশ। ঘটনার পর থেকে চালককে ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব।

এদিন ভোর সোয়া ৪টার দিকে গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে বাস চালককে গ্রেপ্তার করে র‌্যাব। 

পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আসামিকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ।