১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শ্বশুরের দোকান থেকে ডিজেল নিয়ে বাড়িতে মজুদ, জামাইকে জরিমানা

মানিকগঞ্জের হরিরামপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযানে ৮০ লিটার ডিজেল জব্দ করা হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2026, 09:39 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় শ্বশুরের দোকান থেকে নেয়া ডিজেল বাড়িতে মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে এক যুবককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় বাড়িটি থেকে ৮০ লিটার ডিজেল জব্দের পাশাপাশি ওই ডিলারের জামাইকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার গালা ইউনিয়নের রাজার কলতা এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

দণ্ড পাওয়া নয়ন (২৮) ওই এলাকার বাসিন্দা। তার শ্বশুর রফিকুল ইসলাম বাল্লা ইউনিয়নের ভাদিয়াখোলা এলাকার একজন তেলের ডিলার।

শ্বশুরের দোকান থেকে তেল এনে বাড়ি থেকে বিক্রি করার কথা জানিয়েছেন নয়ন।

অভিযানে বাড়িটি থেকে ২০টি তেলের ড্রাম পাওয়ার কথা বলেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আসাদুজ্জামান রুমেল।

অবৈধভাবে তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।