১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে সাবেক সংসদ সদস্যের শটগান মিলল কবরস্থানে

সংসদ সদস্যের বাড়ির পাশের কবরস্থানে পরিত্যক্ত অবস্থায় সাদা প্লাস্টিকের বস্তা পড়ে থাকার খবরে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2024, 11:52 AM

Updated : 26 Aug 2026, 10:25 AM

নোয়াখালীতে সদ্য সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর নামে লাইসেন্স করা একটি শটগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ১২টি কার্তুজও জব্দ করা হয়। 

বৃহস্পতিবার রাতে জেলার কবিরহাট উপজেলার সুন্দলপুর গ্রামের একটি কবরস্থান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয় বলে জানান নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান। 

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাবেক সংসদ সদস্যের বাড়ির উত্তর-পশ্চিম পাশের কবরস্থানে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা পড়ে আছে। 

“পরে কবিরহাট থানার পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযান পরিচালনা করা হয়। রাত সোয়া ৯টার দিকে সেখান থেকে বস্তাটি উদ্ধার করে উপস্থিত লোকজনের সামনে খুলে একটি শটগান এবং ১২টি কার্তুজ পাওয়া যায়।”

এসপি আসাদুজ্জামান আরও বলেন, পরবর্তীতে অনুসন্ধানে অস্ত্রটি নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নামে লাইসেন্স করা বলে জানা যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে জানতে একাধিকবার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর মোবাইলে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।