Published : 22 Aug 2025, 05:33 PM
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একটি কবরস্থানের সাতটি কবর থেকে কংকাল বা দেহাবশেষ চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার ভোরে উপজেলার নগর কয়রা ও কৃষ্টপুর কয়রা গ্রামের যৌথ কবরস্থানে স্বজনের কবর জিয়ারত করতে গিয়ে স্থানীয়রা বিষয়টি টের পান বলে জানিয়েছেন উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান।
কৃষ্টপুর কয়রা গ্রামের নজরুল ইসলাম বলেন, “২ বছর আগে ছেলে রুবেলকে এই কবরস্থানে কবরস্থ করেছি। আজ (শুক্রবার) ভোরে ছেলের করব জিয়ারত করতে এসে দেখি কবরটির মাটি সরানো। এরপর দেখি কবরের ভেতরে ছেলের কংকাল নেই।”
একই দাবি করে স্থানীয় বাসিন্দা লিটন সরকার বলেন, “৮ মাস আগে বাবা হারুন অর রশিদকে এ কবরস্থানে কবর দিয়েছি। সেই কবর খুঁড়ে কে বা কারা কংকাল নিয়ে গেছে।”
তারা জানিয়েছেন এই দুইজনেরসহ সাতটি কবর থেকে দেহাবশেষ চুরি হয়েছে। তারা এ ঘটনায় জড়িতদের সনাক্ত করে শাস্তির দাবি করেছেন।
ওসি রাকিবুল হাসান বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্বজনদের দাবি বৃহস্পতিবার রাতের কোন এক সময়ে কংকাল চুরির এই ঘটনা ঘটেছে।
“এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। তবে আমরা অনুসন্ধান করছি। জড়িত কাউকে সনাক্ত করতে পারলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”