Published : 03 Jun 2026, 11:51 AM
ঢাকার হাসপাতাল থেকে স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে নড়াইলে বাসের সঙ্গে সংঘর্ষে স্ত্রী ও অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
বুধবার সকাল ৯টার দিকে নড়াইল-কালনা মহাসড়কের বাদশার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু।
নিহতরা হলেন, যশোরের মাহিদিয়া গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৪৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২)। আকবর লক্ষীপুরের পূর্বচককলাপোতা গ্রামের আ. হাশেমের ছেলে।
ওসি অজয় কুমার কুন্ডু বলেন, পুলিশের এসআই আবু তাহেরের বাবা ইসমাইল হোসেন ভোরে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে মারা যান। অ্যাম্বুলেন্সে বাবার লাশ নিয়ে মা নুরজাহানসহ বাড়িতে ফিরছিলেন আবু তাহের। পথে তারা দুর্ঘটনায় পড়েন।
প্রতক্ষ্যদর্শীদের বরাতে পুলিশ জানায়, মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি নড়াইল-কালনা মহাসড়কের বাদশার গ্যারেজ এলাকায় পৌঁছালে কালনাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই নুরজাহান বেগম নিহত হন। আহত হন পাঁচ জন।
আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি অজয় কুমার কুন্ডু বলেন, নিহতদের মরদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।