১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিগগিরই খাল খনন শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

“নতুন খাল খনন কার্যক্রমে স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সাধারণ জনগণকে সম্পৃক্ত করা হবে।”

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2026, 06:57 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

খাল খনন কর্মসূচি আগামী ১৫ দিনের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বদেশ্বরী মন্দিরে এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেছেন, “দেশের নদী ও খাল পুনরুদ্ধারে দ্রুত কার্যক্রম শুরু করা হবে। আগামী ১৫ দিনের মধ্যেই দেশের বিভিন্ন জেলায় খাল খনন কার্যক্রম শুরু করা সম্ভব হবে।”

তিনি বলেন, “দেশের অনেক নদী ও জলাশয় বর্তমানে দখলদারদের কবলে রয়েছে। এসব নদী ও খাল দখলমুক্ত করে পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে। জরুরি ভিত্তিতে খননযোগ্য নদী ও খাল চিহ্নিত করে দ্রুত কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।”

ফরহাদ হোসেন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রায় দুই হাজার মাইল খাল খনন করেছিলেন। সেই কর্মসূচিকে সামনে রেখে নতুনভাবে খাল খনন কার্যক্রম শুরু করা হবে। 

“নতুন খাল খনন কার্যক্রমে স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সাধারণ জনগণকে সম্পৃক্ত করা হবে। পাশাপাশি পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা হবে, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও আবহাওয়ার অনুকূলতা বজায় থাকে।”

সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় নদী ও খাল পুনরুদ্ধার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।