১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার: তারেক রহমান

কিশোরগঞ্জে বিএনপির এক সমাবেশে তিনি একথা বলেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2024, 04:22 PM

Updated : 26 Aug 2026, 10:31 AM

বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠনের কাজ করবে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, “শুধু রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হলেই সবকিছু হয়ে যায় না। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামে জয়যুক্ত হতে হবে। আমরা যদি সঠিক মানুষের হাতে এই দেশ ও জাতির নেতৃত্ব তুলে দিতে পারি, এদেশের মানুষকে সুযোগ দিতে পারি, তাহলে এই সঠিক ব্যক্তিরা জাতিকে সঠিক নেতৃত্ব দিতে পারবে। 

“বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করা হবে। আমরা চাই, সবাইকে নিয়ে এই দেশকে পুনর্গঠন করতে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কিশোরগঞ্জ জেলায় নিহত ১৭ জনের পরিবার এবং অঙ্গহানি হওয়া ১৬ জনকে সহায়তা উপলক্ষে সোমবার বিকালে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত এক গণসমাবেশে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।  

বিএনপি নেতা বলেন, “স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো দেশে রয়ে গেছে। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে এমন কোনো পরিস্থিতির উদ্ভব যেন না হয় যাতে করে স্বৈরাচার আবার নতুন করে ষড়যন্ত্র করার সুযোগ পায়। স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই, তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই গণতন্ত্রের পক্ষে সব মানুষকে সতর্ক থাকতে হবে।” 

তারেক রহমান বলেন, “হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বর্তমান বাংলাদেশকে আমরা পেয়েছি। তাদের আত্মত্যাগকে ধরে রাখতে হবে, এই আত্মত্যাগের মূল্য আমাদেরকে দিতে হবে।”  

“স্বৈরাচারের পতন হয়েছে বলেই বিপদ কেটে যায়নি। এখনো বিপদ আছে। তাই এই সরকারকে সহযোগিতা করতে হবে।” 

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমান।

গণসমাবেশে জেলার ১৩ উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।