নোয়াখালীতে ১৩ বছর আগে জোড়া খুন, যুবকের মৃত্যুদণ্ড
২০১৩ সালের ২ এপ্রিল পুকুরের সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধের জেরে গুলিতে দুইজন নিহত হন।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুরের সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধের জেরে গুলিতে জোড়া খুনের মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া মামলার থেকে খালাস পেয়েছেন দুই আসামি।
বৃহস্পতিবার নোয়াখালী অতিরিক্ত জেলা জজ তৌহিদুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) জসিম উদ্দিন বাদল।
দণ্ড পাওয়া মো. সবুজ (৩৫) উপজেলার জগদীশপুর গ্রামের বাসিন্দা।
মামলা বরাতে এপিপি বাদল বলেন, ২০১৩ সালের ২ এপ্রিল জগদীশপুর গ্রামের মনু মিঝি বাড়িতে পুকুরের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সেই সময় সবুজের নেতৃত্বে প্রতিপক্ষের ওপর গুলি চালানো হয়। এতে সেতারা বেগম ও খলিল নিহত হন।
সেই ঘটনায় আরও পাঁচজন গুলিবিদ্ধ হয়েছিলেন বলে জানান তিনি।
তিনি বলেন, ঘটনার পর আবদুস সহিদ বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা করেন।
সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের মধ্যে একজনকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে খালাস দেওয়া হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী বাদল।
এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী সামছুদ্দিন আহমেদ।
