১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘মেধাবীরা মানবিকে পড়ে না’, তাই অর্ধেকের বেশি ফেল: কুমিল্লার পরীক্ষা নিয়ন্ত্রক

কুমিল্লা শিক্ষা বোর্ডে মানবিকে পাশের হার মাত্র ৪৬ দশমিক ৭৭ শতাংশ।

বিডিনিউজ২৪

তানভীর দিপু. কুমিল্লা প্রতিনিধি.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 07:51 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

এ বছর এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে মানবিক বিভাগে পাশের হার অর্ধেকের চেয়েও কম। 

মানবিকে পাশের হার মাত্র ৪৬ দশমিক ৭৭ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাশের হার ৪৩ দশমিক ২৬ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৪৭ দশমিক ৮২ শতাংশ। 

পুরো বোর্ডেও ছয় জেলায় নয় হাজার ৯০২ জন জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে মাত্র ১৪৩ জন। 

এর মধ্যে মানবিক বিভাগ থেকে মাত্র পাঁচ ছেলে জিপিএ-৫ পেয়েছে এবং বাকি ১৩৮ জন মেয়ে।

বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের মত সমসংখ্যক শিক্ষার্থী থাকা সত্ত্বেও মানবিকে পাশের হার এত কম হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষাবিদরা। 

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, “বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার তুলনায় মানবিক বিভাগে কম মেধাবী শিক্ষার্থী পড়াশুনা করে। যে কারণে ফাইনাল পরীক্ষাতেও এর প্রভাব পড়েছে। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যারা বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হতে পারে না তারাই মানবিকে পড়ে। তাই মানবিকে ফল খারাপ হয়।” 

মানবিক বিভাগের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, অভিভাবকদের আগ্রহের কারণে সবাই বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় ভর্তি হতে চায়। আর মানবিকে বেশির ভাগই সাবজেকটিভ পড়া হওয়ায় জিপিএ-৫ পাওয়া দুষ্কর হয়। তাই তুলনামূলক ভালো শিক্ষার্থীরা মানবিকে পড়তে চায় না। যে কারণে মানবিকে ফলাফল খারাপ হয়েছে।   

কুমিল্লা ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক ও শিক্ষক আফরোজা বেগম বলছিলেন, “বেশির ভাগ ভালো শিক্ষার্থীরাই মানবিকে যেতে চায় না। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার পড়াও খুব প্র্যাকটিক্যাল। তাই শিক্ষার্থীরাও চিন্তা করে মানবিকে না যাওয়াই ভালো। 

“তবে মানবিকে পড়ে যে উজ্জ্বল ভবিষ্যত নেই, এমন নয়। যে বিভাগেই পড়া হোক না কেন ভালো ফলাফল করলে সাফল্য আসবেই। তাই মানবিকের শিক্ষার্থী এবং শিক্ষক সবাই সচেতন হলেও ভালো রেজাল্ট করা সম্ভব।”  

কুমিল্লা ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার বলেন, “যারা মানবিকে পড়ে তারা দুর্বল- এমন ভাবা হয়। কিন্তু যারা ভালো পড়ে তারা সব বিষয়েই ভালো ফলাফল করে। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও মানবিক বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে আলাদাভাবে সচেতন হতে হবে।” 

কুমিল্লা শিক্ষা বোর্ডে মানবিক বিষয়ে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৫৬ হাজার ৭২৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ২৫ হাজার ৪৮০ জন শিক্ষার্থী পাশ করেছে। 

কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক শামছুল ইসলাম বলেন, “মানবিকে ফলাফল ধসের প্রভাব পড়েছে মূল ফলাফলেও। মানবিকে ভালো ছাত্র পড়ে নাকি খারাপ ছাত্র পড়ে সেটা আমলে নেওয়ার বিষয় নয়। বরং এই বিভাগে যারাই পড়ে তারা ভালো পড়ছে না কেন সে বিষয়টি খতিয়ে দেখতে হবে। আমি নতুন এসেছি, এ বিষয়ে ব্যক্তিগতভাবে তদন্ত করে দেখব।” 

তিনি আরো বলেন, “আমি দেখেছি, কুমিল্লা বোর্ডেও অনেক ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে মানবিকে কোনো শিক্ষার্থী নেই। কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এক-দুজন ছাত্র আছে। এরকম কেন হবে? শিক্ষার্থীরা মানবিকে আগ্রহী না কেন সেটা আমরা জানার চেষ্টা করবো।”  

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী কমেছে। ছয় জেলা নিয়ে গঠিত এ শিক্ষা বোর্ডে ৬৩ দশমিক ৬০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে নয় হাজার ৯০২ জন শিক্ষার্থী। 

চলতি বছর মোট এক লাখ ৬৭ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে এক লাখ ছয় হাজার ৫৮১ জন। বিজ্ঞান বিভাগে পাসের ৮৮ দশমিক ০১, মানবিকে ৪৬ দশমিক ৭৭ এবং বাণিজ্য বিভাগে ৫৩ দশমিক ৯২ শতাংশ। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে আছে মেয়েরা।

সারাদেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী, যা গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম।

স্কুলের গণ্ডি পেরোনো এই শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন জিপিএ-৫ পেয়েছে, যা পাস করা মোট শিক্ষার্থীর ১০ দশমিক ৬৬ শতাংশ।

এই হিসাবে এবার পাসের হার কমেছে ১৪ দশমিক ৫৯ শতাংশ পয়েন্ট। আর পূর্ণাঙ্গ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৪৩ হাজার ৯৭ জন।