১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পুলিশের সামনেই নারীকে লাথি-ধাক্কার ভিডিও: মামলার পর গ্রেপ্তার ৩

রাজবাড়ীর পুলিশের সামনে এক নারীকে লাথি ও ধাক্কা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 04:41 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

রাজবাড়ীর কাপড় বাজারে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তাকে লাথি ও ধাক্কা দেওয়ার ঘটনার তিন দিন পর মামলা হয়েছে। মামলার পর তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন। 

পরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার জানান থানার ওসি উত্তম কুমার ঘোষ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাজবাড়ী পৌরসভার ধুঞ্চি এক নম্বর ওয়ার্ডের মৃত জমজম খানের ছেলে আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯), ধুঞ্চি ২৮ কলোনি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রুবেল হোসেন (১৯) এবং ধুঞ্চি গ্রামের আব্দুল জলিলের ছেলে হেলাল উদ্দিন (৩৮)।

জাকিয়া সুলতানা রাজবাড়ী বড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের তৃতীয় তলায় ‘আস্থা পোশাক শিল্প’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন।

পুলিশ জানায়, মামলায় নয়জনের নাম দেওয়া হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, শনিবার দুপুরে প্রতিষ্ঠানের এক কর্মচারীর সঙ্গে হিসাব নিয়ে বিরোধের জেরে জাকিয়া তার কর্মীদের নিয়ে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কয়েকজন দলবদ্ধ হয়ে তাদের ওপর হামলা করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, হামলাকারীরা জাকিয়া ও তার কর্মীদের মারধর এবং শ্লীলতাহানি করেন।

এদিকে পুলিশের সামনে ওই নারীকে লাথি ও ধাক্কা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, এক নারী পুলিশ সদস্য জাকিয়াকে হাত ধরে নিয়ে যাচ্ছেন। তার পেছনে আরও দুজন পুরুষ পুলিশ সদস্য ছিলেন। এ সময় এক যুবক তাকে লাথি দেন। পরে পেছনে থাকা এক পুলিশ সদস্য ওই যুবককে সরিয়ে দেন।

এরপর আরেক যুবক ওই নারীকে লাথি দেন। পরে আরেক ব্যক্তি তাকে ধাক্কা দেন। পুরো ঘটনাটি পুলিশের সামনেই ঘটতে দেখা যায়।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, মামলার পর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন: পুলিশের সামনেই নারীকে লাথি-ধাক্কার ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল