১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

পদ ছাড়লেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রারসহ ৬৭ জন

এর আগে ১১ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও সহকারী পরিচালকসহ আটজন একযোগে পদত্যাগ করেন।

পদ ছাড়লেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রারসহ ৬৭ জন
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহামুদ হোসেন (বা থেকে), সহ-উপাচার্য মোসা. হোসনে আরা এবং রেজিস্ট্রার অমিত রায় চৌধুরী।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2024, 06:25 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহামুদ হোসেন। এ ছাড় সহ-উপাচার্য, ট্রেজারার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রভোস্টসহ ৬৭ জন কর্মকর্তা পদত্যাগ করেছেন।

মঙ্গলবার উপাচার্য রাষ্ট্রপতি বরাবর এবং বাকিরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক খান গোলাম কুদ্দুস।

তিনি জানান, তিনিসহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহামুদ হোসেন, সহ-উপাচার্য মোসা. হোসনে আরা, রেজিস্ট্রার অমিত রায় চৌধুরী এবং সকল প্রভোস্ট ও সহকারী প্রভোস্টসহ ৬৭ জন কর্মকর্তা বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে সবাই ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।

এর আগে দুপুরে উপাচার্য মাহামুদ হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তার পদত্যাগের বিষয় নিয়ে আলোচনা করেন।

এর আগে ১১ অগাস্ট খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন ও আটজন ছাত্রবিষয়ক সহকারী পরিচালক একযোগে পদত্যাগ করেন।

১১ অগাস্ট দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে তারা নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন।

পরে রোববার উপাচার্যের পদত্যাগ না করার দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সে সময় তিনি শিক্ষার্থীদের কাছ থেকে সময় নেন।

শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উপাচার্য মাহমুদ হোসেনের ভূমিকা ছিল শিক্ষার্থীদের পক্ষে। তিনি আন্দোলন চলাকালে ক্যাম্পাসে কোনো পুলিশ ঢুকতে দেননি।

২০২১ সালের ২৫ মে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন মাহমুদ হোসেন। এ ছাড়া মোসাম্মাৎ হোসনে আরা ২০২০ সালের ১১ অক্টোবর সহ-উপাচার্য হিসেবে যোগদান করেন। কোষাধ্যক্ষ হিসেবে অমিত রায় চৌধুরী ২০২২ সালের ১৬ অগাস্ট যোগদান করেন।