Published : 09 Jun 2026, 09:04 PM
রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে বনবিভাগ অবৈধভাবে আটকে রাখা বিভিন্ন প্রজাতির ৪২টি বন্যপ্রাণী উদ্ধার করেছে। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে রূপনগর থানার ইস্টার্ন হাউজিং সংলগ্ন সোনালী বাজার এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে প্রাণীগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মো. সাজুদ্দিন (২৪) শেরপুরের নালিতাবাড়ি থানার পোড়াগাঁও এলাকার বাসিন্দা। মামলা দিয়ে তাকে রূপনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
তার বিরুদ্ধে অনলাইনে দেশ-বিদেশে অবৈধভাবে বিভিন্ন পাখি ও প্রাণী বিক্রির অভিযোগ পাওয়া গেছে বলে বনবিভাগ জানিয়েছে।
উদ্ধার প্রাণীর মধ্যে রয়েছে- তিনটি রাজধনেশ, তিনটি চশমাপরা হনুমান, ১৩টি পাহাড়ি হলুদ কচ্ছপ, ১২টি টিয়া পাখি, একটি ময়না, তিনটি লজ্জাবতী বানর, একটি ঈগল পেঁচা, তিনটি এশিয়ান পাম সিভেট, তিনটি সজারু।
বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক বলেন, উদ্ধার বন্যপ্রাণীগুলোকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার জন্য আপাতত বন অধিদপ্তরের হেফাজতে রাখা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, বন্যপ্রাণী পাচারচক্রের সঙ্গে মোহাম্মদ হাদিস রহমান জড়িত। তিনি এরই মধ্যে কক্সবাজারের চকরিয়া বনবিভাগের অভিযানে গ্রেপ্তার হয়ে জেলে আছেন।
“হাদিস রহমানের স্ত্রী খুশি অনলাইনের মাধ্যমে চক্রটির কার্যক্রম সমন্বয় ও নিয়ন্ত্রণ করতেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”