১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে পদ্মায় ভেসে এল আরও এক নারীর অর্ধগলিত লাশ

পদ্মা নদীর একই এলাকায় ২২ দিনের ব্যবধানে আবারও উদ্ধার হল আরেক নারীর পচাগলে যাওয়া লাশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Sep 2026, 07:09 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

ফরিদপুর সদর উপজেলার পদ্মা নদীর দুর্গম চর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। 

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের কবিরপুর চর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ফরিদপুর কোতোয়ালি নৌ-পুলিশ ফাঁড়ির এসআই তপন কুমার নন্দী জানান।

এর আগে ২২ অগাস্ট একই নদী থেকে আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছিল, যার পরিচয় এখনো মেলেনি।

পুলিশ জানায়, সকালে নদীতে এক নারীর ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন। পরে পুলিশ গিয়ে ৩০ থেকে ৩৫ বছর বয়সী নারীর লাশটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশটিতে পচন ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ফরিদপুর কোতোয়ালি নৌ-পুলিশ ফাঁড়ির ওসি শফিকুল ইসলাম বলেন, লাশগুলো দীর্ঘদিন পানিতে থাকায় পচে গলে গেছে, ফলে পরিচয় শনাক্ত করা কঠিন হচ্ছে। ২২ অগাস্ট উদ্ধার করা লাশের ডিএনএ নমুনা সংরক্ষণ করে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। আজকের লাশটির পরিচয় না মিললে একইভাবে দাফন করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।