Published : 29 May 2025, 11:48 PM
রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুরের পর সেখানে মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।
মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসীরের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। একে ‘ন্যাক্কারজনক’ হিসেবে তুলে ধরেন তিনি।
তবে রংপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ অভিযোগ অস্বীকার করে উল্টো জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর নগরীর সেনপাড়ায় জিএম কাদেরের ’স্কাই ভিউ’ বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।
নগরীর প্রেস ক্লাবের দিক থেকে মিছিল নিয়ে এসে বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ জাতীয় পার্টির নেতাদের। হামলার খবরে জাতীয় পার্টির নেতাকর্মীরা দ্রুত এগিয়ে এলে সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান বৃহস্পতিবারই ঢাকা থেকে রংপুরে আসেন। তার আসার প্রতিবাদে রাতে নগরীতে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এর আগে রংপুরে আসার পর বিকালে জিএম কাদের তার বাড়িতে সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি অন্তর্বর্তী সরকার ও এনসিপিসহ চলমান বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তার রংপুরে অবস্থানের প্রতিবাদে রাত ৮টার দিকে নগরীর প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে মিছিলটি প্রেস ক্লাব চত্বর থেকে সেনপাড়ার স্কাই ভিউ বাড়ির দিকে রওনা হয়। এরপরই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
হামলায় জিএম কাদেরের বাড়ির জানালার কাচ ভেঙে যায়। বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুরের পর আগুন দেওয়া হয়।
হামলার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

হামলার খবর শুনে রাতে জিএম কাদের বাড়িতে আসেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান লেবু মিয়া, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সভাপতি সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা।
কোনো কারণ ছাড়াই এ হামলা হয়েছে দাবি করে মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণ রাজনীতি করতে চাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা আজকে ন্যক্কারজনক হামলা চালিয়েছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
অপরদিকে এ অভিযোগ অস্বীকার করে উল্টো জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে তাদের শান্তিপূর্ণ মিছিলে হাত বোমা নিক্ষেপ, দেশি অস্ত্রসহ হামলার অভিযোগ এনেছেন রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ ইমতি।
তিনি বলেন, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির চেয়ারম্যান ভারত থেকে এসেছেন। সেখানকার কথা প্রকাশ করেননি। ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য রংপুরে এসেছেন। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করতে গিয়ে তারা হামলার শিকার হয়েছেন।