১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

খুলনায় ১৭ বছর আগে জোড়া খুন, ৭ জনের মৃত্যুদণ্ড

২০০৯ সালের ৩ জানুয়ারি পারভেজ ও সুপর্ণাকে গুলি ও কুপিয়ে হত্যা করে একদল লোক।

খুলনায় ১৭ বছর আগে জোড়া খুন, ৭ জনের মৃত্যুদণ্ড
খুলনা আদালতে রায় ঘোষণা শেষে আসামিদের কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2025, 07:06 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

প্রায় ১৭ বছর আগে খুলনা নগরে জোড়া খুনের মামলায় সাতজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এ ছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন দুইজন।

মঙ্গলবার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ চার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।

মৃত্যুদণ্ড পাওয়ারা হলেন- ইমামুল কবীর জীবন (পলাতক), রাজ, শহীদ শাহারিয়ার মিথুন, তুষার গাজী, সোয়েব সুমন (পলাতক), শাকিল (পলাতক) এবং তুহিন। খালাস পেয়েছেন কুটি এবং শামীম।

মামলার বরাতে বেঞ্চ সহকারী শুভেন্দু রায় বলেন, ২০০৯ সালের ৩ জানুয়ারি নগরের দৌলতপুরের দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে একদল লোক পারভেজ হাওলাদারকে কোপাতে থাকে। তাকে বাঁচাতে এলাকাবাসী এগিয়ে গেলে তাদের ওপরও গুলি চালায় হামলাকারীরা।

এতে ঘটনাস্থলেই পারভেজ মারা যান। গুলিবিদ্ধ হন সুপর্ণা সাহাসহ বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক সুপর্ণা সাহাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার পরদিন ৪ জানুয়ারি পারভেজের বাবা নিজামউদ্দিন বাদী হয়ে সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন বলে জানান শুভেন্দু রায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক বলেন, তদন্ত শেষে পুলিশ নয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

সাক্ষ্য গ্রহণ শেষ সাতজনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয় বলে জানান তিনি।