১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাট জাগ দিতে গিয়ে পানিতে ডুবে বাবা-ছেলের মৃত্যু

পাট জাগ দেওয়া শেষে ছেলেকে কাঁধে নিয়ে নদীর মাঝ থেকে সাঁতরে তীরে ফিরছিলেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2025, 09:00 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পাট জাগ দিতে গিয়ে নদীতে ডুবে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের জঙ্গলী প্রাইমারি স্কুলের কাছে মরা কালীগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের রফিক মণ্ডলের ছেলে জাহিদুল ইসলাম (৪৫) এবং তার ছেলে জিহাদুল ইসলাম (৯)।

জাহিদুল কুষ্টিয়া পল্লী ও দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কার্যালয়ের কর্মচারী ছিলেন। জিহাদ স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

ঘটনার সময় নদীতে গোসল করতে যাওয়া প্রত্যক্ষদর্শী ফয়জুল হক (৬৫) বলেন, জাহিদুল দুপুরে ছেলেকে নিয়ে বাড়ির পাশের নদীতে পাট জাগ দিতে গিয়েছিলেন। পাট জাগ দেওয়া শেষে ছেলেকে কাঁধে নিয়ে নদীর মাঝ থেকে সাঁতরে তীরে ফিরছিলেন। এ সময় হঠাৎ জাহিদুল পানিতে ডুবে যান। তখন ছেলেও ডুবে যায়।  

“এই দৃশ্য দেখে আশপাশের লোকজনদের ডাকতে থাকি। পরে এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা নদীতে খোঁজাখুঁজি করে প্রথমে ছেলে জিহাদ এবং পরে একই স্থান থেকে তার বাবা জাহিদুলের মরদেহ উদ্ধার করে।”

চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুল ইসলাম বলেন, নদীতে ডুবে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্দ্র প্রসাদ বিশ্বাস বলেন, “আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা দুজনের মরদেহ উদ্ধার করে।”