Published : 20 Aug 2025, 12:21 AM
ছাত্র সংসদ নির্বাচন নিয়ে উপাচার্যের আশ্বাস এবং এ বিষয়ক আইন খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বৈঠক ডাকার খবরে অনশন ভেঙেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক দল শিক্ষার্থী।
এ বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ সংযুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনি রোডম্যাপের দাবিতে তিনদিন ধরে ‘আমরণ অনশন’ করছেন তারা।
বুধবার রাত ১০টার দিকে প্রশাসনিক ভবনের উত্তর গেটে অনশন স্থলে এসে উপাচার্য মো. শওকাত আলী ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করেন। তিনি এ নিয়ে ‘ছাত্র সংসদ সংবিধি পরীক্ষা ও চূড়ান্ত’ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বৃহস্পতিবার (২১ আগস্ট) ইউজিসির বৈঠক ডাকার খবর দেন।
ইউজিসি খুব দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নিয়ে কার্যক্রম শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে বলে তুলে ধরেন।
পরে তার দেওয়া আশ্বাস মেনে আমরণ অনশন ভাঙার সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীরা। উপাচার্য তাদের ডাব খাইয়ে অনশন ভাঙান।
উপাচার্য বলেন, “আমরা ছাত্রদের নিয়ে সম্ভাব্য একটি রোডম্যাপ তৈরি করেছি। আগামী ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচনের আয়োজন করতে পারব। যেহেতু এখনো গেজেট ঘোষণা হয়নি এজন্য সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারছি না। তবে গেজেট প্রকাশ হওয়ার পর খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে। ২৬ থেকে ৩০ অক্টোবরের মধ্যে যেকোনো একদিন ভোটগ্রহণ হবে।“
অনশনকারীদের পক্ষে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ইউজিসির পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও নির্বাচনের একটি সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করেছে।
”আমরা আশা করি আগামী ৩০ অক্টোবরের মধ্যে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ প্রতিষ্ঠিত হবে।”
এরপর তিনি অনশনকারীদের তরফে অনশন ভাঙার ঘোষণা দেন।
রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর ফটকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০ শিক্ষার্থী অনশনে বসেন। এরপর আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে আরও কিছু শিক্ষার্থী অনশন শুরু করেন। সন্ধ্যায় এই কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের স্যালাইন দেওয়া হয়৷ তাদের মধ্যে দুজনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।
অনশন ভাঙার পর রাতে ইউজিসির সদস্য তানজিম উদ্দিন খান মোবাইল ফোনে অনশনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ সংযুক্ত করতে বৈধ প্রক্রিয়া অনুসরণ করা জরুরি, যাতে অন্য কেউ অবৈধ হিসেবে চিহ্নিত করতে না পারে। এজন্য শিক্ষার্থীদের ধৈর্য ধরতে হবে। খুব দ্রুত সময়ের মধ্যে প্রক্রিয়াটি শেষ করা হবে।
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনের দ্বিতীয় দিনে অসুস্থ ৪ শিক্ষার্থী, দুজন হাসপাতালে