Published : 06 Sep 2026, 02:09 PM
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন জনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সালিনাবক্সা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।
নিহতদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ বলে পুলিশ জানালেও তাদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দীপ সাহা বলেন, তাদের হসপাতালে ১৮ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসটির আহত যাত্রী পিরোজপুরের জিয়ানগরের আব্দুল্লাহ বলেন, “চালকের অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসে ৪০ জন যাত্রী ছিল; তাদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। বাকিরা সবাই কম বেশি আহত হয়েছেন।”
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দুর্ঘটনায় আহতরা স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। নিহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।”
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে পরিস্থিতি এবং ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।