Published : 28 Mar 2026, 05:02 PM
জামালপুরে একটি প্রতিষ্ঠানে তেল মজুত থাকার পরেও বিক্রি না করায় ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেছেন বাইকাররা। পরে তল্লাশি চালিয়ে ২ হাজার ৮০০ লিটার তেল মজুত পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বেলা ১১টার দিকে শহরে পিটিআই মোড়ের জুঁই এন্টারপ্রাইজে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন সহকারী কমিশনার ও এক্সিকিউিটভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ।
প্রতিষ্ঠানটিতে তেল নিতে আসা গ্রাহকদের অভিযোগ, ডিপো থেকে জুই এন্টারপ্রাইজে রাতে তেল সরবরাহ হয়। বিষয়টি জানার পর ভোর থেকেই শতাধিক মোটরসাইকেল চালক লাইনে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করতে থাকেন। কিন্তু তেল বিক্রি না করে গোপনে মজুত করে রাখে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
পরে তেল না পেয়ে সকাল ৯টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ চালকরা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ও সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) বিএমএসার আলিফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুই এন্টারপ্রাইজে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ১২ ড্রামে প্রায় ২ হাজার ৮০০ লিটার তেল মজুত করা অবস্থায় পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসার আলিফ বলেন, তেল মজুত করা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মজুতকৃত তেল তাৎক্ষণিকভাবে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
তেল পাওয়ার আশ্বাসে বাইকাররা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তেলের অপেক্ষায় থাকাদের শান্ত করা হয়। মজুত থাকা তেল গ্রাহকদের মধ্যে বিতরণের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।