Published : 09 Jul 2026, 07:48 PM
গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’ নামে একটি হাতি গুরুতর আহত হয়েছে। হাতিশালায় অন্য একটি হাতি ‘জয়িতা’র আক্রমণে ‘রাজু বাহাদুরের’ পা ভেঙে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে।
দেড় মাস ধরে মেডিকেল বোর্ডের সদস্যদের পাশাপাশি থাইল্যান্ড থেকে আসা দুজন বিশেষজ্ঞও তাকে চিকিৎসা সেবা দিচ্ছেন। ২৪ মে চার বছরের ‘জয়িতা’ ১০ বছরের ‘রাজু বাহাদুর’কে আক্রমণ করে বসে।
গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইন বলেন, ‘রাজু বাহাদুর’কে হাতিশালায় শেকলে বেঁধে রাখা হয়। কিন্তু বয়স কম হওয়ায় ‘জয়িতা’ মুক্তই থাকে। এর মধ্যে আক্রমণ করলে ‘রাজু বাহাদুরের’ একটি পা ভেঙে যায়; অন্য পায়েও আঘাত লেগেছে।

“বর্তমানে ‘রাজু বাহাদুর’ দাঁড়াতে পারছে না। হাতিটির শারীরিক পরিস্থিতি ভালো নয়। বড় প্রাণী দীর্ঘ দিন না দাঁড়াতে পারলে তার যকৃতসহ অন্যান্য অঙ্গে ক্ষতি হয়। ধীরে ধীরে অসুস্থতা বাড়তে থাকে। মেডিকেল বোর্ড, থাইল্যান্ডের বিশেষজ্ঞদের চিকিৎসার পাশাপাশি শ্রীলঙ্কার চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করা হচ্ছে।”
পার্ক কর্তৃপক্ষ জানায়, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ২০২৫ সালের জানুয়ারি মাসে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ‘রাজু বাহাদুর’ নামের হাতিটিকে উদ্ধার করে। এক ব্যক্তি হাতিটি দিয়ে বিভিন্ন বাজারে চাঁদা তুলতেন।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, ‘রাজু বাহাদুর’সহ পার্কে ১০টি হাতি রয়েছে।