১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে অগ্নিদগ্ধ দুই শিশুর ঢাকায় মৃত্যু

চিকিৎসক মৌলি চৌধুরী বলেন, “অগ্নিদগ্ধ ইয়াসিনের ৬৮ ভাগ এবং ইসমাইলের ৯০ ভাগ পুড়ে গিয়েছিল।”

ফরিদপুরে অগ্নিদগ্ধ দুই শিশুর ঢাকায় মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল; এখানেই মৃত্যু হয়েছে আহত ওই ব্যক্তির। ফাইল ছবি

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2024, 12:50 AM

Updated : 26 Aug 2026, 10:56 AM

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শিশু চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। 

তারা হলো- উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রামের ছিদ্দিক মুন্সীর ছেলে ইসমাইল মুন্সী (৪) এবং আসাদ মুন্সীর ছেলে ইয়াসিন মুন্সী (৩)। 

রোববার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শিশুর শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। আহত অবস্থায় তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার ইসমাইল এবং সোয়া ৯টায় ইয়াসমিন মারা যায় বলে শিশুদের চাচা উজ্জ্বল হোসেন জানান। 

তিনি বলেন, ইয়াসিন ও ইসমাইল দুপুরে রান্নাঘরে খেলতে যায়। অভিভাবক না থাকায় তারা হয়ত কিছু পাটখড়ি রান্নার চুলার মধ্যে দিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন পাটখড়ির বেড়ায় লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে। 

তখন দুই শিশু ভয় পেয়ে রান্নাঘরের পাশে গোসলখানায় আশ্রয় নেয়। রান্নাঘর পুড়ে যাওয়ার পর গোসলখানায় আগুন ধরে যায়। একপর্যায়ে আগুনের লেলিহান শিখা রান্নাঘর ও গোসলখানাসহ চারদিকে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী আগুন নিভাতে চেষ্টা করলেও তখনো জানতো না শিশু দুটি গোসলখানায় আটকা পড়েছে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর শিশু দুটির চিৎকার শুনতে পায় লোকজন। মুমূর্ষু অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয় বলে জানান উজ্জ্বল হোসেন। 

গ্রামের বাসিন্দা ও মাদরাসার সুপার মাওলানা মো. ইদ্রিস আলী বলেন, “শিশু দুটির অত্যন্ত মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। গ্রামের সবাই শোকাহত।”

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মৌলি চৌধুরী বলেন, “অগ্নিদগ্ধ ইয়াসিনের ৬৮ ভাগ এবং ইসমাইলের ৯০ ভাগ পুড়ে গিয়েছিল। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।”