Published : 14 Oct 2025, 02:21 PM
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
উপজেলার গোবিন্দহুদা গ্রামে মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান।
নিহত ৫৩ বছর বয়সী জয়নুর আলী গোবিন্দহুদা গ্রামের ঝড়ু মণ্ডলের ছেলে।
আহতরা হলেন- জয়নুরের ভাই খাজা আহমেদ (৫৫), জহির হোসেন (৫১) ও খাজা আহমেদের ছেলে দিপু (১৭)। তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, গোবিন্দহুদা গ্রামের মাঠে নিজ নিজ জমিতে কাজ করার সময় নূরুল হক পেশকার গ্রুপ ও মাসুদ বিল্লাহ মন্টু গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ধারালো অস্ত্র উভয়পক্ষের হামলা-পাল্টা হামলার মধ্যে চারজন আহত হন। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নুর আলী মারা যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাপলা খাতুন বলেন, “চারজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
“আরেকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
ওসি হুমায়ুন কবির বলেন, “দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে জমিতে কাজ করতে গিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
“এতে চারজন আহত হন। পরে একজন হাসপাতালে মারা যান।”
ঘটনার পর থেকে জড়িতরা পলাতক রয়েছেন জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।