ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিহত মুলায়েম হোসেন ভায়না ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করেছে প্রতিপক্ষরা।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভায়না ইউনিয়নের কালীশংকপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হরিণাকুন্ডু থানার ওসি মাসুদ খান।
নিহত মুলায়েম হোসেন (৫০) ভায়না ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং আওয়ামী লীগের ভায়না ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে পার্শবর্তী আব্দালপুর গ্রাম থেকে দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মুলায়েম।
পথে হরিশংকরপুর গ্রামের স্কুলের সামনে এলে আগে থেকে ওৎ পেতে থাকা চার জন রাস্তায় বাঁশ ফেলে মোটরসাইকেলের গতিরোধ করে।
তারা মুলায়েমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। মুলায়েমকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী শিল্পী খাতুন বলেন, তার স্বামী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পূর্বশত্রুতার জের ধরে তার স্বামীকে গ্রামের প্রতিপক্ষরা হত্যা করেছে।
তিনি তার স্বামীর হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
হরিণাকুন্ডু থানার ওসি মাসুদ খান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
