Published : 15 Dec 2025, 11:42 PM
জুলাই আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি সাবেক সংসদ সদস্য একেএম সেলিম ওসমানকে খুঁজতে তার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে পুলিশ।
সোমবার রাত ১০টার দিকে ফতুল্লার উইজডম অ্যাটায়ার্স লিমিটেড কারখানায় ফতুল্লা মডেল থানার একটি দল অভিযান চালায় বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
তবে সেখানে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এই সংসদ সদস্যকে পাওয়া যায়নি।
পুলিশ কর্মকর্তা তারেক বলেন, “কয়েক দিন ধরেই আলোচনা চলছিল, সেলিম ওসমান নারায়ণগঞ্জে আছেন এবং তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানেও যান। কিন্তু আমাদের গোয়েন্দা তথ্য বলছে, এ তথ্য সঠিক নয়। তারপরও যেহেতু আলোচনা রয়েছে, তাই আমরা আজ রাতে হঠাৎ করেই সেখানে অভিযান চালাই। কিন্তু সেখানে সেলিম ওসমানকে পাওয়া যায়নি।”
জুলাই হত্যাকাণ্ডের মামলার আসামি সেলিম ওসমান ‘দেশেই আছেন’ কিন্তু তিনি ‘আত্মগোপনে’ রয়েছেন উল্লেখ করে এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, “তাকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। অবস্থান নিশ্চিত করা গেলেই তাকে গ্রেপ্তার করা হবে।”
সেলিম ওসমান নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য। তিনি তার বড়ভাই নাসিম ওসমানের মৃত্যুর পর ২০১৪ সালে উপনির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
পরে ২০১৮ ও ২০২৪ সালেও একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টির এ প্রেসিডিয়াম সদস্য। তিনি ছিলেন নিট পোশাক ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠন বিকেএমইএর সভাপতি।
৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ওসমান পরিবারের সদস্য ও তাদের সহযোগীরা আত্মগোপনে চলে যান। শামীম ওসমান ও তার স্ত্রী-কন্যা-সন্তানরা দেশ ছাড়তে সক্ষম হলেও সেলিম ওসমান এখনো দেশেই রয়েছেন বলে অনেকে দাবি করছেন।
গণঅভ্যুত্থানের পরপরই স্থানীয় রাজনীতিকদের অনেকে ওসমান পরিবারের সদস্যদের গ্রেপ্তারের দাবি জানালেও সম্প্রতি ওই দাবি আরও জোরালো হয়েছে।
গত শনিবার জাতীয় নাগরিক পার্টির এক নেতার ফেসবুক পোস্টের পর এ আলোচনা আরও বাড়ে।
এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী ফেসবুক পোস্টে দাবি করেন, জুলাই আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে বেশ কয়েকটি মামলার আসামি হয়েও স্থানীয় এক ‘বিএনপি প্রার্থীর আশ্রয়ে’ নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান ‘বিনা বাধায় অফিস ও ব্যবসা করছেন’।
তার দাবি, প্রশাসন এ তথ্য জানলেও ব্যবস্থা নিচ্ছে না। কারণ বিএনপির একজন সংসদ সদস্য প্রার্থী জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও শামীম ওসমানের ভাই সেলিম ওসমানকে আশ্রয় দিচ্ছেন।