১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নীলফামারীতে মন্দিরের উঠানে কৃষকের গলাকাটা লাশ

নিহতের বড় ছেলে বলেন, মঙ্গলবার ভোরে তার বাবা কলাপাতা কাটতে বাড়ি থেকে বের হয়েছিলেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 04:54 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

নীলফামারীর জলঢাকা উপজেলায় এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার কৈমারী ইউনিয়নের দোলাপাড়া এলাকার সিংগীমারী মন্দিরের উঠানে তার লাশ পাওয়া যায় বলে জানান জলঢাকা থানার ওসি নাজমুল আলম।

নিহত প্রভাত রায় (৫৫) একই এলাকার নীলকণ্ঠ রায়ের ছেলে।  তার দুই স্ত্রী ও চার সন্তান রয়েছে।

নিহতের বড় ছেলে পতিরাম রায় বলেন, মঙ্গলবার ভোরে তার বাবা কলাপাতা কাটতে একটি হাসুয়া নিয়ে বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময়েও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সকাল ১০টার দিকে স্থানীয়রা মন্দিরের উঠানে তাকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি নাজমুল আলম বলেন, সুরতহাল রিপোর্টে নিহতের গলার বাম পাশে আঘাতের ক্ষত পাওয়া গেছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।