Published : 25 Aug 2025, 03:32 PM
কুমিল্লায় সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজারে লরির নিচে প্রাইভেটকার চাপা পড়ে একই পরিবারের চারজন নিহত হওয়ার পর সেখানে নতুন ও প্রশস্ত ইউটার্ন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার বেলা ১২টায় মহাসড়ক পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে একটি ইউটার্ন নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পল্লী বিদ্যুতের সমিতির কার্যালয়ের মুখে পুরানো ইউটার্ন থেকে ৫০০ মিটার সামনে নতুন ও প্রশস্ত করে নির্মাণ করা হবে।
তিনি বলেন, “নতুন যে ইউটার্নগুলো করা হবে সেগুলো একটু বেশি প্রশস্ত করে নির্মাণ করা হবে। নতুন ইউটার্নগুলোর এলাকায় একটি করে লেন বৃদ্ধি করা হবে, যেন যানবাহনগুলো ঘুরে আসতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে। খুব দ্রুত সময়ের মধ্যে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।”
এর আগে রোববার দুর্ঘটনাস্থল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শন শেষে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় ইউটার্ন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক মো. আমিরুল কায়সারের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান, সেনাবাহিনীর ২৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, বিআরটিএসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পরিবহন মালিকরা অংশ নেন।
সভায় বলা হয়, মহাসড়কের পাশে কোন হোটেল রেস্টুরেন্ট বা রিফুয়েলিং স্টেশন থেকে বাস কাউন্টার অপসারণ করতে হবে। কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের পদুয়ার বাজারের দক্ষিণ পাশের ফুটওভার ব্রিজের নিচ থেকে সব ধরনের কাউন্টার ও বাস স্টপেজ সরানো হবে।
আলেখার চর এলাকায় যেসব বাস কুমিল্লা শহর থেকে ঢাকামুখী লেনে চলাচল করে সেগুলোর জন্য বর্তমানে যুদ্ধজয় ভাস্কর্যের সামনে থেকে আরও দক্ষিণে একটি নিরাপদ ইউটার্ন নির্মাণ করা হবে এবং যাত্রী ছাউনি দখল মুক্ত করা হবে।
এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে যে ইউলুপ নির্মাণের কাজ চলছে তার ২৫ শতাংশ শেষ হয়েছে। ৫৭টি আপত্তির মধ্যে একটি আপত্তির শুনানি করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে সকল আপত্তি শেষ করে ভূমি অধিগ্রহণের কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও সভায় জানানো হয়।
জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, সড়ক ও জনপদ বিভাগ, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, বিআরটিএ, সেনাবাহিনী ও পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সমন্বিত মতামতের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম সড়কের কুমিল্লার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঝুঁকিমুক্ত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে এরইমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
গত শুক্রবার দুপুরে কুমিল্লায় সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্নে লরির নিচে প্রাইভেট কার চাপা পড়ে একই পরিবারের চারজন নিহত হয়। এরপর থেকে পদুয়ার বাজার পল্লী বিদ্যুতের সামনে ইউটার্নটি বন্ধ করে দিয়ে দয়াপুর ইউটার্ন দিয়ে সাময়িক ভাবে যান চলাচলের নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন: