Published : 18 Jan 2026, 09:13 PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু নির্বাচনের ভোট নির্দিষ্ট ২০ জানুয়ারি করার দাবি জানিয়ে ইসলামী ছাত্রশিবির এবং ছাত্রদলের নেতৃত্বাধীন প্যানেলের একাংশ।
রোববার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের চত্বরে ছাত্রশিবির সমর্থিত প্যালেন ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ এবং সাড়ে ৪টায় গোলচত্বরে ছাত্রদল সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের কিছু প্রার্থী সংবাদ সম্মেলন করে এই দাবি জানান।
তবে সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলে সংগঠনটির কোনো প্রার্থী বা নেতা উপস্থিত ছিলেন না। যারা প্রথমে স্বতন্ত্র প্রার্থী ছিলেন, পরে ছাত্রদলের সমর্থিত প্যানেলে যুক্ত হয়েছেন সেই প্রার্থীরা উপস্থিত ছিলেন।
শাকসুর ২৩টি পদের মধ্যে ছাত্রদল সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ ২২টিতে প্রার্থী দিতে পেরেছে। এর মধ্যে ১৪ জন ছাত্রদলের নেতা এবং বাকি আটজন ছাত্রদলের বাইরের।
দুটি পক্ষ ২০ জানুয়ারি নির্বাচন নিশ্চিত করার দাবি এমন একটি সময়ে সামনে আনল যখন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে ছাত্রদল তিন দফা দাবিতে অবস্থান ও নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করছে।

তাদের তিন দফা দাবি হল- পোস্টাল ব্যালট নিয়ে কমিশনের ‘পক্ষপাতদুষ্ট’ ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত বাতিল করে নিরপেক্ষতা নিশ্চিত করা, বিশেষ কোনো রাজনৈতিক গোষ্ঠীর চাপে হঠকারী সিদ্ধান্ত না নিয়ে স্বাধীন ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া এবং শাকসু নির্বাচন নিয়ে কমিশনের ‘বিতর্কিত’ প্রজ্ঞাপন প্রত্যাহার করা।
সংবাদ সম্মেলনে ছাত্রশিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, “ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা তিন দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করেছে। এর মধ্যে তৃতীয় দফাতে তারা শাকসু নির্বাচনের অনুমোদিত ইসির প্রজ্ঞাপন ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি জানান।
“আমরা স্পষ্ট করে বলতে চাই, শাকসু হবে কি-না এই সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের নয় হাজার শিক্ষার্থী। ‘মব’ করে চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত এই বিশ্ববিদ্যালয়ের গেইটের ভেতরে ঢুকতে দেওয়া হবে না। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নেবে শাকসু হবে কি, হবে না।”
এ সময় তিনি ২০ জানুয়ারিতেই শাকসু নির্বাচনের দাবি করে বলেন, “এই তারিখে নির্বাচন না হলে শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি ঘোষণা করবে।”
তাদের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্যানেলের জিএস প্রার্থী মো. মুজাহিদুল ইসলাম, এজিএস মো. শাকিল, ক্রীড়া সম্পাদক মাহবুব হাসান অনু, ছাত্রী বিষয়ক সম্পাদক আমিনা বেগম।
অপরদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো. মোস্তাকিম বিল্লাহ বলেন, “ছাত্রদল থেকে ইসি ভবন ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছে। কিন্তু আমাদের এই প্যানেল ছাত্রদলের কোনো একক প্যানেল নয়; এখানে অর্ধেকের মত স্বতন্ত্র প্রার্থীও আছে।
“আমি এই প্যানেলের ভিপি হিসেবে স্পষ্টভাবে জানাতে চাই, আমরা সবাই শাকসুর পক্ষে এবং শাকসু চাই। কেউ যদি শাকসুর বিরুদ্ধে অবস্থান নেয় বা নিতে চায় আমরাও তাহলে তাদের বিরদ্ধে অবস্থান নিতে বাধ্য হব। আমরা ২০ জানুয়ারি শাকসু আদায় করে ছাড়ব।”
এ সময় প্যানেলের ক্রীড়া সম্পাদক মো. সাকিল, সাংস্কৃতিক সম্পাদক অমিত মালাকার, ছাত্রী বিষয়ক সম্পাদক মাহমুদা রিয়া ও কার্যনির্বাহী সদস্য অন্ত গোপ উপস্থিত ছিলেন।
শাকসু নিয়ে ছাত্রদলের অবস্থান বিষয়ে জানতে চাইলে ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের এজিএস প্রার্থী ও দলের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, “কেন্দ্র থেকে আমাদের এখনও কিছু জানানো হয়নি। আমরা প্রচার চালাচ্ছি।”
একই প্যানেলের জিএস প্রার্থী ও ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহর মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।