১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নীলফামারীতে ‘ফুয়েল কার্ড’ ছাড়া মিলবেনা জ্বালানি তেল

“এর মাধ্যমে নির্ধারিত প্রতিষ্ঠান ও যানবাহনের জন্য নির্দিষ্ট পরিমাণ জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যাবে।”

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2026, 07:08 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে নীলফামারী জেলা প্রশাসন।  

সোমবার বিকালে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাস মালিকদের পেট্রোল ও অকটেন সংগ্রহের জন্য ফুয়েল কার্ড ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত ফরম জেলা ও উপজেলা প্রশাসনের ওয়েবসাইট ও ফেইসবুক পেইজ থেকে সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে।

আগামী ১৫ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হবে এবং ২৩ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো জ্বালানি তেল বিক্রি করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “জেলায় জ্বালানি তেলের ব্যবহারকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নিয়ন্ত্রিত করতে ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“এর মাধ্যমে নির্ধারিত প্রতিষ্ঠান ও যানবাহনের জন্য নির্দিষ্ট পরিমাণ জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যাবে। একই সঙ্গে পেট্রোল পাম্পগুলোতে চাপ কমে আসবে, অপচয় ও অনিয়ম অনেকাংশে কমে আসবে।”

তিনি বলেন, “ফুয়েল কার্ড ব্যবস্থার আওতায় প্রতিটি সরকারি দপ্তর, সংস্থা ও নির্ধারিত যানবাহনের জন্য পৃথক কার্ড বরাদ্দ দেওয়া হবে। এসব কার্ডের মাধ্যমে নির্দিষ্ট পাম্প থেকে নির্ধারিত সীমার মধ্যে জ্বালানি গ্রহণ করা যাবে।

“এতে করে জ্বালানি তেলের সঠিক হিসাব সংরক্ষণ সহজ হবে এবং যেকোনো ধরনের অনিয়ম দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।”