Published : 22 Oct 2025, 07:32 PM
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একটি কবরস্থান থেকে ১৬টি মানব কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
ঘটনার দুই দিন পর বুধবার বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ও স্বজনরা কবরস্থানে ভিড় করছেন।
সোমবার রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নের নয়নের কুঠি সাতবাড়িয়া গ্রামের কবরস্থানে এ ঘটনা ঘটে বলে জানান শাহজাদপুর থানার ওসি আছলাম আলী।
স্থানীয় স্কুল শিক্ষক সানোয়ার হোসেন বলেন, “এক থেকে দেড় বছর আগের ১৬টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। চোর চক্রের কারও পরিচয় শনাক্ত হয়নি।

“কঙ্কাল নিয়ে যাওয়ার সময় চোর চক্রটি তাদের ব্যবহৃত ট্রাউজার, গেঞ্জি এবং কবর খোঁড়ার যন্ত্রপাতি ফেলে গেছে। এ ঘটনার পর থেকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।”
কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার বলেন, “সোমবার অমাবস্যার রাতের কোনো এক সময় কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়। মঙ্গলবার ভোরে বিষয়টি স্বজনদের মাধ্যমে জানাজানি হয়।
“কবরগুলো খেয়াল করলে দেখা যায়, মাথা থেকে কোমর পর্যন্ত কঙ্কাল চুরি হয়েছে। খুঁড়ে রাখা কবরগুলো নতুন করে মাটি চাপা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।”
ওসি আছলাম আলী বলেন, বুধবার বিকাল পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।