গ্রাহকের টাকা আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার কারাদণ্ড
সাতক্ষীরার কলারোয়ার চন্দনপুর শাখার ১৯৩ গ্রাহকের প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলা হয়।
গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক চার কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে খুলনার বিভাগীয় বিশেষ জজ (জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মো. আদীব আলী আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন বলে দুদকের খুলনা সমন্বিত কার্যালয়ের আইনজীবী মো. মোফাককার হোসেন মনি জানান।
দণ্ডপ্রাপ্তরা হলেন- গ্রামীণ ব্যাংকের সাতক্ষীরা জেলার চন্দনপুর-কলারোয়া শাখার সাবেক কর্মকর্তা মো. ইনছার আলী, মমতাজ পারভীন, রনেশ বিশ্বাস ও রুনা লায়লা।
এর মধ্যে ইনছার আলী, মমতাজ পারভীন ও রনেশ বিশ্বাসকে দুটি ধারায় ১৫ বছর করে মোট ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর রুনা লায়লাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাশাপাশি আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বরাতে আইনজীবী বলেন, সাতক্ষীরার কলারোয়ার চন্দনপুর শাখার ১৯৩ গ্রাহকের প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় ২০১৪ সালের ৩০ মে দুদক দুটি মামলা করে। মামলা দুটির বাদী ছিলেন দুদকের তৎকালীন উপ-সহকারী পরিচালক এস এম শামীম ইকবাল।
