১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাটোরে বাসের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

স্থানীয়ভাবে ‘ভুডভুডি’ নামে পরিচিত শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার যানে ছেলেকে নিয়ে সিংড়ায় মাছ কিনতে যাচ্ছিলেন মজনু।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2025, 06:06 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

নাটোরে শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার যানে বাসের ধাক্কায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার ছেলে। 

রোববার ভোড় ৫টার দিকে নাটোর শহরের ছায়াবাণী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী। 

নিহত মো. মজনু প্রামাণিক (৪০) নাটোরের বাগাতিপাড়ার নুরপুর চকপাড়া এলাকার বাসিন্দা। গুরুতর আহত হয়েছেন তার ছেলে রাব্বী মজুমদার। 

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ভোরে স্থানীয়ভাবে ‘ভুডভুডি’ নামে পরিচিত শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার যানে ছেলেকে নিয়ে সিংড়ায় মাছ কিনতে যাচ্ছিলেন মজনু। পথে কোনো একটি গাড়ি ভুডভুডিকে ধাক্কা দিলে সেটি উল্টো গিয়ে মাথায় আঘাত পান মাছ ব্যবসায়ী মজনু। 

স্থানীয়রা আহত মজনু ও তার ছেলেকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মজনুকে মৃত ঘোষণা করেন এবং তার ছেলেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠান।

স্থানীয় ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের উল্টোপথে চলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।  

মজনু মিয়ার ভুডভুডি শহরের ছায়াবাণী মোড় এলাকার বাম পার্শ্বের লেনেই ছিল। কিন্তু যাত্রীবাহী বাসটি নিজের লেন পরিবর্তন করে উল্টো লেনে ঢুকে ভুডভুডিকে ধাক্কা দিয়ে চলে যায়।   

এ বিষয়ে মাহমুদা শারমিন নেলী বলেন, “কোনো বাস নাকি অন্য কোনো বাহন তাদের গাড়িটিকে ধাক্কা দিয়েছে সেটি আমরা তদন্ত করে দেখছি। আশেপাশের সিসিটিভি ফুটেজগুলো সংগ্রহ করা হচ্ছে তদন্তের জন্য।” 

এ ঘটনায় নাটোর সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান জেলা পুলিশের এ কর্মকর্তা।