কুমিল্লায় ৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
ওষুধ দাম বেশি নেওয়া ছাড়াও ফার্মেসিটিতে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ একাধিক অনিয়ম পেয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
কুমিল্লা নগরে একটি ফার্মেসিতে নয় টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে নগরের রাজগঞ্জ বাজার এলাকার সাহা মেডিকেল হলে চালানো অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
তিনি বলেন, ওই ফার্মেসিতে রোগীর কাছে মাত্র ৯ টাকার ওষুধ ৮০ টাকা দরে বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় এক গ্রাহক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন। এ ছাড়া ফার্মেসিটিতে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ওষুধ সংরক্ষণে শৃঙ্খলার অভাবসহ একাধিক অনিয়ম পাওয়া গেছে।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় বিষয়টি শাস্তিযোগ্য হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান কাউছার মিয়া।
তিনি বলেন, ‘ওএসএল ফার্মা’ নামের একটি কোম্পানির ‘ডেক্সট্রেজ ২৫% ইনজেকশন’ এমআরপি নয় টাকা হলেও চাহিদা বেশি থাকায় বিভিন্ন দোকানে বেশি দামে ওষুধটি বিক্রি হয়।
কিন্তু সাহা মেডিকেল হলের মালিকপক্ষ ভোক্তার কাছে অতিরিক্ত দামে ওষুধটি বিক্রি করেন; যার কোনো ক্রয় রশিদও তারা দেখাতে পারেননি বলে জানান ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।
অভিযানে কুমিল্লা জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন।
