Published : 29 Mar 2026, 02:51 PM
নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের রাজী সাহেব ব্রিকস ম্যানুফ্যাকচারিং অফিস সংলগ্ন ডোবা থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কবিরহাট থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া।
নিহত মো. সোহেল রানা (২৪) হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের উত্তর শান্তিপুর গ্রামের অলিউদ্দিনের ছেলে।
নিহতের বাবা অলিউদ্দিন বলেন, শুক্রবার সকালে সোহেল রানা ইটভাটায় কাজে যাননি। বিকালে কয়েকজন লোক তাকে জোরপূর্বক ইটভাটায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সন্ধ্যা থেকে সোহেল রানার খোঁজ মিলছিল না।
রোববার সকালে ইটভাটার অফিস সংলগ্ন ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয় শ্রমিকরা পুলিশে খবর দেন।
ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।