সিরাজগঞ্জে জাল ফেলা নিয়ে দ্বন্দ্বে নদীতেই জেলেদের মারামারি, নিহত ১
“নদীর মধ্যেই দুই নৌকার জেলেদের মধ্যে মারামারি শুরু হয়। তখন অন্য নৌকার জেলেদের মারধরে বাবার মাথা ফেটে যায়।”
সিরাজগঞ্জের শাহজাদপুরে গোহালা নদীতে জাল ফেলা নিয়ে দ্বন্দ্বে জেলেদের মারধরে আরেক জেলে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার ভোরে উপজেলার গোহালা নদীতে এ মারধরের ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী।
নিহত বিমল ওরফে তেঁতুল হাওলাদার (৬০) উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা হাওলাদার পাড়ার বাসিন্দা।
এ ঘটনায় নিহতের এক ভাতিজা আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের ছেলে আকাশ হাওলাদার বলেন, শুক্রবার ভোর ৩টার দিকে গোহালা নদীতে একই জায়গায় জাল ফেলার ঘটনা নিয়ে তার বাবার সঙ্গে প্রতিবেশী হরেন হাওলাদার, প্রবাস হাওলাদার ও রিপন হাওলাদারের মধ্যে তর্কবিতর্ক হয়।
“ওই সময় নদীর মধ্যেই দুই নৌকার জেলেদের মধ্যে মারামারি শুরু হয়। তখন অন্য নৌকার জেলেদের মারধরে বাবার মাথা ফেটে যায়।”
আকাশ আরও বলেন, ভোরেই তার বাবাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে বাড়িতে আনা হয়। কিন্তু বাড়িতে আনার পর তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে বেলা ১২টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। ”
