১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাক চাপায় শিক্ষক নিহত

ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2026, 01:03 PM

Updated : 16 Sep 2026, 12:59 PM

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রাকের চাপায় এক শিক্ষকের প্রাণ গেছে। 

রোববার সকালে শ্যামলীপাড়া মোহনপুর রোডের পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে উল্লাপাড়া মডেল থানার ওসি মো. মেহেদী হাসান জানিয়েছেন। 

নিহত মোশাররফ হোসেন উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর গ্রামের সাইফুল মাস্টারের ছেলে। তিনি সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ওসি মেহেদী হাসান বলেন, “সকালে মোটরসাইকেলে যাওয়ার সময় বালুবাহী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই শিক্ষক মোশারফের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।”

মোটরসাইকেলটিও থানায় রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা। 

তিনি বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।