Published : 02 Sep 2026, 08:30 PM
‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় সান্তাহার রেলওয়ে পুলিশের চার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার তাদের প্রত্যাহার করে পাকশী পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে বলে সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দীন জানান।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- এসআই খোকন ইসলাম (৩৫), কনস্টেবল ফজলে রাব্বি (৩৪), গোলাম মোস্তফা (৩৬) ও আশিকুল রহমান (৩০)।
মামলায় বলা হয়েছে, ৪৪ বছর বয়সি ভুক্তভোগী নারীর বাড়ি সিরাজগঞ্জে। সোমবার রাতে তিনি ঢাকা থেকে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে ওঠেছিলেন। পরে সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর এলাকায় চলন্ত ট্রেনের মধ্যে ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেওয়া হলে রেলওয়ে পুলিশ তাদের ট্রেন থেকে হেফাজতে নেয়। পরে আবু বক্কর সিদ্দিক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
ভুক্তভোগী ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন করার পর আদালতের নির্দেশে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনা তদন্তে মঙ্গলবার পাকশী রেলওয়ে জেলা পুলিশের অতিরিক্ত সুপার (সার্কেল) দ্বীন এ ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সান্তাহার জিআরপি থানার এসআই মাহফুজুর রহমান বলেন, আসামি আবু বক্কর সিদ্দিককে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আদমদীঘি উপজেলার আমলি আদালতের বিচারকের কাছে তিনি জবানবন্দি দিয়েছেন।
আরও পড়ুন:চলন্ত ট্রেনে 'ধর্ষণ', 'পুলিশ'সহ ৩ জনের বিরুদ্ধে মামলা