Published : 21 Jul 2026, 09:15 PM
জাতীয় সংসদ নির্বাচনের আগে দেওয়া ৩১ দফার অঙ্গীকার থেকে বিএনপি সরে এসেছে বলে বলেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
রংপুর-৪ আসনের এই সংসদ সদস্য বলেছেন, “জাতীয় সংসদ নির্বাচনের আগের দেওয়া ৩১ দফার অঙ্গীকার থেকে বিএনপি সরে এসেছে। নির্বাচনের আগে বিএনপি বলেছিল, জুলাই সনদ বাস্তবায়ন হবে, দেশে সংস্কার নিয়ে আসবে। নির্বাচনের পাঁচ মাস অতিবাহিত হলেও এখনও একটিও বাস্তবায়ন করেনি; বরং তারা প্রতিটি অঙ্গীকার থেকে সরে আসছে।”
মঙ্গলবার বিকাল ৫টায় নীলফামারীর জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ রাষ্ট্র সংস্কারের জন্য গণভোটে অংশগ্রহণ করে ৭০ শতাংশ মানুষ মতামত দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই সংস্কারের গণভোটকে এখন আর মানা হয় না।”
দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাচ্ছে অভিযোগ করে এনসিপি নেতা বলেন, “দেশের অর্থনীতির খাতায় ঋণের বোঝা বেড়েই চলেছে। বাজেট ঘোষণার আগেই জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এ কারণে বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার হওয়া জরুরি হয়েছে। আমি শুধু একটি কথা বলতে চাই, আপনারা গণভোটের রায় বাস্তবায়ন করুন।”
আখতার হোসেন বলেন, “জনগণ এনসিপির প্রতি আস্থা রেখেছেন। আমরা নতুন দল, অল্প আসনে নির্বাচন করেও আপনাদের ভোটের মাধ্যমে সংসদে যেতে পেরেছি। সেই আশাবাদের জায়গা থেকে সামনে স্থানীয় সরকার নির্বাচনেও এনসিপির সর্মথিত প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করবেন।”
তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যার সীমান্ত থাকবে শতভাগ সুরক্ষিত। এমন একটি দেশ চাই, যেখানে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চলাফেরা করবে।”
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আবু সাঈদ লিওন।
জলঢাকায় পথসভা শেষে রাতে তারা নীলফামারী জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় অংশগ্রহণ করেন।