১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে নির্বাচনি পথসভার জন্য খিচুড়ি, নৌকার কর্মীকে জরিমানা

৮০০ প্যাকেট খিচুড়ি জব্দ করে পাঠানো হয়েছে মানিকগঞ্জ শিশু পরিবারে।

মানিকগঞ্জে নির্বাচনি পথসভার জন্য খিচুড়ি, নৌকার কর্মীকে জরিমানা

নির্বাচনি পথসভার জন্য বাবুল হোসেনের বাড়িতে খিচুড়ি রান্নার খবর পেয়ে সেখানে যায় ভ্রাম্যমাণ আদালত।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2023, 12:51 PM

Updated : 28 Dec 2023, 12:51 PM

মানিকগঞ্জ-২ আসনে নির্বাচনি পথসভা উপলক্ষ্যে ভোটারদের জন্য মাংস-খিচুড়ি রান্না করায় নৌকা মার্কার এক কর্মীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে ৮০০ প্যাকেট খিচুড়ি জব্দ করে পাঠানো হয়েছে শিশু পরিবারে। 

বুধবার রাতে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া এলাকায় বাবুল হোসেন ভুট্টুকে এই জরিমানা করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। 

তিনি জানান, রাতে আঙ্গারিয়া এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনের নৌকার প্রার্থী মমতাজ বেগমের একটি নির্বাচনি পথসভা হয়। এ উপলক্ষ্যে কর্মী-সমর্থক ও ভোটারদের খাবারের জন্য বাবুল হোসেনের বাড়িতে খিচুড়ি আর মাংস রান্না করে প্যাকেট করা হচ্ছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হন। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মামুনুর রশিদ সাংবাদিকদের জানান, নির্বাচনি আচরণবিধির ১০(চ) ধারা অনুযায়ী নির্বাচনি ক্যাম্পে কোমল পানীয় ও খাদ্যসামগ্রী পরিবেশন করা যাবে না। 

“বাবুল এই আইন ভঙ্গ করায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে খাবার প্যাকেটগুলো জব্দ করে মানিকগঞ্জ শিশু পরিবারের কাছে পাঠানো হয়েছে।” 

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চলমান থাকবে বলেও জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।  

আদালত পরিচালনার সময় সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ুম খান ও সিংগাইর থানার এসআই শরিফুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।