১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাগেরহাটের কারাগারে ভারতীয় জেলের মৃত্যু

বাবুল গত ১৫ জুলাই অবৈধভাবে বঙ্গোপসাগরে বাংলাদেশ সীমানায় প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে নৌবাহিনীর হাতে আটক হয়েছিলেন।

বাগেরহাটের কারাগারে ভারতীয় জেলের মৃত্যু
বাগেরহাট জেলা কারাগার

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2025, 01:52 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

বাগেরহাট জেলা কারাগারের ভারতীয় এক হাজতির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শুক্রবার গভীর রাতে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কারাগারের তত্ত্বাবধায়ক মোস্তফা কামাল।

২৫ বছরের বাবুল দাস ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কালিনগর গঙাধর পাড়ার নির্মল দাসের ছেলে। তিনি পেশায় একজন জেলে।

বাবুল গত ১৫ জুলাই অবৈধভাবে বঙ্গোপসাগরে বাংলাদেশ সীমানায় প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে নৌবাহিনীর হাতে আটক হয়ে বাগেরহাট জেলা কারাগারে ছিলেন।

জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মোস্তফা কামাল শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত ১২টার দিকে শৌচাগারে প্রাকৃতিক কাজ সারতে গিয়ে বাবুল দাস হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করে মেঝেতে পড়ে যান। 

বিষয়টি অন্য হাজতির মাধ্যমে জেল কর্তৃপক্ষ তা জানতে পেরে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মোস্তফা কামাল আরও বলেন, বাবুল দাস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন। শনিবার ময়নাতদন্তের পর বাবুলের মরদেহ ভারতে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।