রেমাল: সুন্দরবন থেকে দুটি মৃত হরিণ উদ্ধার
এ ছাড়া আরও নয়টি হরিণকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সুন্দরবনের অধিকাংশ এলাকাই প্লাবিত হয়েছে। উচ্চ জলোচ্ছ্বাসের কারণে বন্যপ্রাণী বিপদের মধ্যে পড়েছে।
এই অবস্থায় সোমবার সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের কটকা ও দুবলার চর থেকে দুটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে বলে সুন্দরবনের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো জানান।
তিনি বলেন, এ ছাড়া আরও নয়টি হরিণ আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সুন্দরবনের অধিকাংশ এলাকা প্লাবিত হওয়ায় বন্যপ্রাণীর প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান এই বন কর্মকর্তা।
