কোভিড: সিলেটে এক বৃদ্ধের মৃত্যু
সিলেটে শনাক্তকৃত কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ২০ জন।
সিলেটে কোভিডে এক বৃদ্ধ মারা গেছেন ।
কোভিডের জন্য ‘ডেডিকেটেড’ সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে তিন দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক আনিসুর রহমান শনিবার বিকালে বলেন, শুক্রবার থাকায় প্রতিবেদন পেতে দেরি হয়েছে। এ কারণে শনিবার মৃত্যুর এ বিষয়টি জানানো হয়।
“শামসুদ্দিন হাসপাতাল থেকে সিভিল সার্জন কার্যালয়কে রিপোর্ট পাঠানো হয়। সিভিল সার্জন কার্যালয় আমাদের জানায়।”
মারা যাওয়া ওই ব্যক্তি ৬৯ বছর বয়সী, বাড়ি বিয়ানীবাজার উপজেলায়। তিনি আগে থেকেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। কোভিড নিয়েই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয় থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২২ জনের কোভিড পরীক্ষা করা হলেও কোনো রোগী শনাক্ত হয়নি। বর্তমানে সিলেটে শনাক্তকৃত কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ২০ জন। তাদের মধ্যে আটজন হাসপতালে চিকিৎসাধীন।
আক্রান্তদের মাঝে শহীদ শামসুদ্দিন হাসপাতালে তিনজন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন, আলহারামাইন হাসপাতালে একজন এবং ইবনেসিনা হাসপাতালে দুজন চিকিৎসাধীন রয়েছে।
অপর ১২ জন বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।
এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ২৯৮ জনের কোভিড পরীক্ষা করা হয়েছে।
