Published : 05 Nov 2025, 02:48 PM
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মাইক্রোবাসের চাপায় এক মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণ গেছে।
বুধবার বেলা ১২টায় উপজেলার দেওপাড়া ইউনিয়নের মাকড়াই কুমারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ঘাটাইল থানার ওসি সজল খান জানিয়েছেন।
নিহত ছয় বছর বয়সী তুহিন ইসলাম একই এলাকার ভ্যান চালক মো. শামীম মিয়ার ছেলে এবং স্থানীয় মাকড়াই মদিনাতুল উলুম মাদ্রাসার প্লে শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয়দের বরাতে ওসি সজল বলেন, “দুপুরে তুহিন তার মায়ের হাত ধরে মাদ্রাসা থেকে বাড়ি যাচ্ছিল। পথে মাকড়াই ব্রিজ সংলগ্ন এলাকায় হঠাৎ মায়ের হাত ছেড়ে দৌড় দেয়।
“এ সময় চলন্ত একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।”
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।