Published : 24 Oct 2025, 11:19 AM
নোয়াখালীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পাঁচশ ইয়াবাসহ সুপারভাইজারকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ জানান, আগের রাত সাড়ে ১২টার দিকে শহরের মাইজদীতে চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী ‘বাঁধন পরিবহনের’ বাস থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ৩৭ বছর বয়সী মো. সাহাব উল্লাহ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
সুব্রত সরকার বলেন, “সাহাব উল্লাহ চট্রগ্রামের বিভিন্ন জায়গা থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীর বিভিন্ন এলাকার মাদক কারবারীদের হাতে পৌঁছে দিতেন। গোপন সংবাদে মাইজদীর আব্দুল হক ফিলিং স্টেশনের পশ্চিম পাশের সড়কে বাঁধন পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
“এ সময় বাসটি থেকে পাঁচশ ইয়াবা জব্দ করা হয় এবং সুপারভাইজার সাহাব উল্লাহকে গ্রেপ্তার করা হয়।”
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, “খোঁজ নিয়ে জানা গেছে, সাহাব দীর্ঘদিন বাঁধন পরিবহনের বাসে সুপারভাইজার হিসেবে কাজ করছেন।
“এ সুযোগে তার সঙ্গে মাদক পাচার চক্রের সখ্যতা গড়ে ওঠে। পরে ওই মাদক পাচার চক্রে জড়িতে পড়েন তিনি।”
সাহাব ইয়াবা পাচারে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন জানিয়ে সুব্রত বলেন, এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।