নওগাঁয় ঘর থেকে ঝুলন্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার
“ধারণা করা হচ্ছে- নিঃসঙ্গ থাকায় কয়েকদিন আগে তিনি নিজের ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।”
নওগাঁর মহাদেবপুর উপজেলায় ঘর থেকে এক ব্যক্তির অর্ধগলিত ও ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মহাদেবপুর থানার ওসি শহিদুল ইসলাম।
মারা যাওয়া গৌতম সরকার (৪৫) শিবগঞ্জ বাজার এলাকার অরুণ সরকারের ছেলে। বেশ কয়েক বছর আগে তার স্ত্রী-সন্তান তাকে ছেড়ে চলে যায়। ফলে দীর্ঘদিন ধরে বাড়িতে একাই বসবাস করতেন তিনি।
ওসি শহিদুল ইসলাম বলেন, ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করলে আশপাশের লোকজন বিষয়টি সন্দেহজনক মনে করেন। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় গৌতম সরকারের অর্ধগলিত মরদেহ দেখতে পায়।
“ধারণা করা হচ্ছে- নিঃসঙ্গ থাকায় কয়েকদিন আগে তিনি নিজের ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে ঘটনাটি কারও নজরে না আসায় তার মরদেহ কয়েকদিন ঘরের ভেতরেই পড়ে ছিল।”
ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
