১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে হত্যার জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর, ২০ বাড়িতে অগ্নিসংযোগ

“ইট ও গাছ ফেলে ঘটনাস্থলে প্রবেশের রাস্তা বন্ধ করে দেওয়ায় বেগ পোহাতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর।”

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2026, 01:52 AM

Updated : 26 Aug 2026, 03:08 PM

এক ব্যক্তিকে হত্যার জের ধরে মাদারীপুরে অন্তত ৪০টি বাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। তার মধ্যে অন্তত ২০টিতে আগুন দেওয়া হয়।

মঙ্গলবার সকালের ওই হত্যকাণ্ডের জেরে রাতে এই হামলা হয়েছে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।

সকাল ৭টার দিকে শহরের নতুন মাদারীপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাবেক কাউন্সিলার মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সমর্থক আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়।

এর জেরে রাতে স্থানীয় বাসিন্দা হাসান মুন্সীর পক্ষের লোকজনের বাড়িতে হামলা চালায় নিহত আলমগীরের লোকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ভাঙচুর শেষে আগুন ধরিয়ে দেয় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লাবলু হাওলাদার, হাসান মুন্সীর বাড়িসহ অন্তত ২০টি বাড়িতে। এ সময় আরও অন্তত ২০টি বসতবাড়িতে ভাঙচুর চালায় তারা।

হামলার সময় লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠেছে।

মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, “ইট ও গাছ ফেলে ঘটনাস্থলে প্রবেশের রাস্তা বন্ধ করে দেওয়ায় বেগ পোহাতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর। 

“তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, ফায়ার সার্ভিসের যৌথ অভিযান চালানো হচ্ছে।”

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, আধিপত্য বিস্তার নিয়ে মাদারীপুর পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলদারের সঙ্গে একই এলাকার হাসান মুন্সীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

এরই জেরে সকালে হাসানের পক্ষের লোকজন মনিরুজ্জামানের চাচাতো ভাই আলমগীর হাওলাদারের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তার হাতের কব্জি কেটে ফেলে হামলাকারীরা। পরে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।

এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

ওসি আবুল কালাম আজাদ বলেন, “আধিপত্য নিয়ে প্রায়ই সংঘর্ষের জড়ায় দুপক্ষ। এর আগেও কয়েকবার হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

আগের খবর:

মাদারীপুরে আধিপত্য বিস্তারের জেরে একজনকে কুপিয়ে হত্যা